images

আবহাওয়া

টানা ৫ দিন বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৮:৩২ এএম

টানা কয়েকদিন ধরে দেশজুড়ে বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্বস্তি ফিরেছে। তপ্ত রোদের তীব্রতা কমে গিয়ে বর্তমানে দেশের সর্বত্র হিমশীতল আবহাওয়া বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শনিবার(৯ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এরপর রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের আটটি বিভাগেই অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
storm

রাতে ৭ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

এছাড়া আগামী বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

এছাড়া রংপুরে ২০, ফরিদপুরে ১৯, চুয়াডাঙ্গায় ১৬, সাতক্ষীরায় ১৪ এবং যশোরে ১২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আরটিভি/এআর