মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০২:৩৬ পিএম
উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৩ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এরপর শুক্রবার (১৫ মে) ও শনিবার (১৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন পর দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কিছুদিন স্থায়ী হতে পারে। বৃষ্টির সময় বজ্রপাত ও তীব্র দমকা হাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে।
আরটিভি/এআর