images

আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কতা জারি

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৮:৪৯ এএম

রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়। দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নৌবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

একইসঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

এই পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন পর্যন্ত দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

আরটিভি/টিআর