সোমবার, ২৫ মে ২০২৬ , ০৮:১৭ পিএম
দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানান।
সোমবার (২৫ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে—এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, দেশের ১৯ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে।
সংস্থাটি বলছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরটিভি/এমএম