images

আবহাওয়া

তীব্র গরম কবে কমবে, জানালো আবহাওয়া অফিস

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১০:৫০ পিএম

দেশজুড়ে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ জনজীবনের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে,  শুক্রবার (৫ জুন) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, যার ফলে ধীরে ধীরে কমতে শুরু করবে চলমান তাপপ্রবাহের তীব্রতা।

বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৪৮টি জেলার ওপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছরে একসঙ্গে এতগুলো জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার ঘটনা এই প্রথম। সাধারণত মে মাসের শেষ দিকে মৌসুমি বায়ু দেশে প্রবেশ করলেও এবার তা বিলম্বিত হওয়ায় গরমের তীব্রতা ও বিস্তৃতি বেড়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, জ্যৈষ্ঠ মাসের শেষভাগে মৌসুমি বায়ু প্রবেশের আগ পর্যন্ত তাপমাত্রা বেশি থাকাই স্বাভাবিক। বর্তমানে দক্ষিণ দিক থেকে আসা আর্দ্র বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাতাসে তাপ আটকে যাচ্ছে। ফলে তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে এবং ঘাম শুকাতে না পারায় অস্বস্তিও বাড়ছে।

এদিকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় মানুষের ভোগান্তি আরও বেড়েছে। গত রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় বেশি। ফলে রাতেও স্বস্তি মিলছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ জুনের মধ্যে মৌসুমি বায়ু পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তখন তাপমাত্রা আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শুক্রবার থেকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব আগে দেখা যাবে এবং সেখানে তাপমাত্রা দ্রুত কমতে পারে। তবে পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও বরিশাল বিভাগ এলাকায় তাপমাত্রা কমতে কিছুটা সময় লাগতে পারে। তবে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সারা দেশেই গরমের তীব্রতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে