বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৭:০৩ পিএম
চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাতসহ এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতজনিত কারণে এ মাসে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুলাই মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাইয়ে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে চলতি জুলাইয়ে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে জুলাইয়ে বিচ্ছিন্নভাবে দেশে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।
এদিকে চলতি জুলাই মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোয় পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারী বৃষ্টিপাতজনিত কারণে চলতি জুলাইয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরটিভি/এসএস