images

আবহাওয়া

ছয় বিভাগে টানা ৩ দিন ভারী বৃষ্টির আভাস, পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা  

রোববার, ০৫ জুলাই ২০২৬ , ০৫:০৯ পিএম

দেশের ছয় বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানানো হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে জারি করা বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী বৃষ্টির পরিমাণ ১৮৮ মিলিমিটার বা তারও বেশি হতে পারে। বৃষ্টিপাতের এ মাত্রা অব্যাহত থাকলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

আরও পড়ুন
abhwa

ভ্যাপসা গরম কমে টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস

অন্যদিকে, পৃথক এক বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। দুপুর ১২টায় এর কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ওই এলাকায় সাগর উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এমএ