images

আবহাওয়া

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১২:৪৬ পিএম

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অন্যদিকে দেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি উপজেলায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারও দেশের আট বিভাগেই বৃষ্টির এই দাপট অব্যাহত থাকতে পারে। তবে সোমবার (১৩ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই রাজধানীতে শুরু হয় তুমুল বৃষ্টি। টানা বর্ষণে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও শ্রমজীবী মানুষ। ঢাকার বিভিন্ন সড়ক ও গলিতে পানি জমে যাওয়ায় যাতায়াতে পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনভরই থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন
12

ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

রোববার (১২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সোমবার(১৩ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১১জুলাই) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। এই সময়ে ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে।

আরটিভি/এআর