শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৭:১৪ পিএম
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বিভিন্ন অঞ্চলে।
এদিকে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের সৈয়দপুরে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকায় শুক্রবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ২৮ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আরটিভি/এসকে