images

আবহাওয়া

ভোরেই বৃষ্টিতে ভিজলো ঢাকা, যেমন যাবে সারাদিন

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৭:০৬ এএম

ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও আবার মাঝারি বৃষ্টিতে দিনের শুরু হওয়ায় কর্মস্থলগামী মানুষের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। সকাল থেকেই অনেককে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকাই নয়, মঙ্গলবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন
AGST

আগস্টজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আশঙ্কা

এদিকে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এসএস