বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৯:৫৫ পিএম
দেশের বিভিন্ন অঞ্চলে শ্রাবণের বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতের মধ্যে দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, পাবনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি বিরাজ করছে।
শুক্রবার (৭ আগস্ট) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৮ আগস্ট) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (৯ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময়ও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সোমবার ও মঙ্গলবার (১০-১১ আগস্ট) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই দিনও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে। এছাড়া গোপালগঞ্জে ১০৭ মিলিমিটার, পটুয়াখালীতে ৭২, সীতাকুণ্ডে ৬৭, যশোরে ৬৩, হাতিয়ায় ৬২, খেপুপাড়ায় ৫৫ এবং ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বজ্রপাত ও দমকা হাওয়ার সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নদীপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/এসকে