কবি প্রাবন্ধিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাতে টুইটারে তিনি এ দাবি জানান।
টুইটে খালেদা জিয়া বলেন, ফরহাদ মজহারকে এখনি তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় এর দায় সরকারকে নিতে হবে। এটি শাসকচক্রের আরেকটি নিষ্ঠুর কর্ম।
সোমবার ভোরে মোহাম্মদপুর আদাবরের ‘হক গার্ডেন’র নিজ বাসা থেকে বের হবার পর ফরহাদ মজহারকে অপহরণ করা হয় বলে জানিয়েছে তার পরিবার।
কবির পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন, সকালে কবি তার স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে বলেন ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে। পরে সকাল সাড়ে ৬টার দিকে তার ফোন থেকে আবারও ফোন করে ফরিদা আখতারের কাছে ৩৫ লাখ টাকা চাওয়া হয়।
এভাবে কয়েক দফা ফোন করে টাকার বিষয়ে জানতে চাওয়া হয়। না পেলে তার প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
পরে তার পরিবারের পক্ষ থেকে ফরহাদ মজহারের অপহরণের বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হলে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আদাবর থানার পুলিশ সদস্যরা কবির ফ্ল্যাট পরিদর্শন করেন।
এদিকে সোমবার বিকালে ফরহাদ মজহারের মোবাইল নম্বরটির অবস্থান খুলনার সোনাডাঙ্গা থানার ইবরাহিম মিয়া সড়কে বলে জানতে পারে আইনশৃংখলা বাহিনী।
সন্ধ্যার পর থেকে খুলনার ওই এলাকায় পুলিশ ও র্যাব অভিযান শুরু করে।
এমকে




