বেগম খালেদা জিয়া ঈদের পর দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছায় নির্বাসনে। বিএনপির রাজনৈতিক এজেন্ডা ঠিক থাকছে না। তারা শুধু নালিশ আর কান্নাকাটি করছে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বুধবার) দুপুরে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের সুযোগ নেই। বিএনপির সহায়ক সরকারেরও কোনো সুযোগ নেই।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। সরকারের দায়িত্ব এক্ষেত্রে সহযোগিতা করা।
এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রবল বর্ষণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের দায়িত্ব সড়ক ব্যবহার উপযোগী রাখা। কোনভাবে রাস্তা বন্ধ থাকবে না। এজন্য প্রয়োজনে প্রকৌশলীদের ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে, এটা আমার নির্দেশ।
জেএইচ




