দেশে কোনো আইএস নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার দুপুরে কক্সবাজারে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরকাতুল জিহাদ (হুজি), জামা’আতুল মুজাহিদীন (জেএমবি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও ইসলামী ছাত্রশিবিরের মতো সংগঠনগুলো এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সেজেছে।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আইএসে কোনো বিদেশি নেই। মাত্র কয়েকজন বিপথগামী যুবক দেশের মুখে আইএসের কালিমা লাগিয়ে দিচ্ছে। এদের মূলোৎপাটন করার জন্য আমরা সর্বপ্রকার পদক্ষেপ নিয়েছি।
তিনি বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না। বাংলাদেশে আইএসের কোনো স্থান নেই। অতীতে যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই এখন জঙ্গিবাদে লিপ্ত। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, যুদ্ধাপরাধের বিচার বিলম্বিত করতেই এরা নানা অপকৌশল নিচ্ছে।
তিনি বলেন, মেশিন রিডেবল পাসপোর্টের সাফল্যের পর এখন দেশ ই-পাসপোর্টের দিকে এগোচ্ছে। খুব শিগগির এ কাজ বাস্তবায়িত হবে।




