শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্তের পরিবর্তন হয়নি: মাউশির ডিজি

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৭:৪১ পিএম


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্তের পরিবর্তন হয়নি: মাউশির ডিজি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে করোনা ও ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খেলার বিষয়ে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছিল। তবে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্তের পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় আরটিভি নিউজকে তিনি এ কথা বলেন। 

মাউশির ডিজি বলেন, এখনও সিদ্ধান্তের পরিবর্তন হয়নি, সকল স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (রোববার) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। 

তিনি আরও বলেন, সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুরোপুরো স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশনা আগেই জারি করা হয়েছিল। সেগুলো মেনেই রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। 

স্বাস্থ্যবিধি সচেতনার বিষয়ে ড. মুহাম্মদ আজাদ খান বলেন, স্বাস্থ্যবিধি মানতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজও চারটি জায়গায় মতবিনিময় করেছি। সবাইকেও বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্বাস্থ্যবিধি দিয়ে সামাল দেওয়া না গেলে এবং পরিবেশ-পরিস্থিতি অনুকূলে না থাকলে সরকারকে জানানো হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, করোনা রোধে গত ১৫ জুন একটি নির্দেশনা জারি করে মাউশি। এতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং করোনা প্রতিরোধে পাঁচটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। এই ক্যাম্পেইনের আওতায় আলোচনা সভা, র‍্যালি, দেয়াল পত্রিকা, পোস্টার তৈরি, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া, করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নিচের পাঁচটি নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। সেগুলো হচ্ছে — 

১. সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

২. জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে।

৩. আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরে থাকতে হবে।

৪. চোখ, নাক ও মুখে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে।

৫. হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করতে হবে।

আরটিভি/আরএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission