আইইএলটিএস ছাড়াই ইউরোপে পড়াশোনার সুযোগ, প্রতি মাসে মিলবে ৮০০ ইউরো

আরটিভি নিউজ

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪৩ পিএম


আইইএলটিএস ছাড়াই ইউরোপে পড়াশোনার সুযোগ, প্রতি মাসে মিলবে ৮০০ ইউরো
ফাইল ছবি

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সম্ভাবনার ক্ষেত্রে ইউরোপ আজ বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। সমৃদ্ধ গবেষণাধর্মী শিক্ষা, আধুনিক প্রযুক্তি, বহুসাংস্কৃতিক শিক্ষার পরিবেশ এবং স্কলারশিপের বিস্তৃত সুযোগ এ মহাদেশকে তরুণদের জন্য স্বপ্নময় করে তুলেছে। সেই স্বপ্ন পুরনে ইতালির স্বনামধন্য ইউনিভার্সিটি অব ক্যামেরিনো নিয়ে এলো আকর্ষণীয় বৃত্তির সুযোগ। সুখবর হলো এই বৃত্তিতে আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। বিশ্বের যেকোনও দেশের শিক্ষার্থীরা ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন।

ইতালির মধ্যাঞ্চলে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যামেরিনো দেশটির অন্যতম প্রাচীন ও সম্মানজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৩৩৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিক্ষা ও গবেষণার সমন্বয় ঘটিয়ে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছে। আধুনিক গবেষণাগার, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি বিশ্ববিদ্যালয়টিকে বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

স্কলারশিপের ধরন

ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে পড়াশোনার জন্য একাধিক স্কলারশিপের সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, যা রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত। উচ্চ ফলাফলধারী শিক্ষার্থীদের জন্য রয়েছে ইউনিক্যাম এক্সেলেন্স স্কলারশিপ, যা মূলত মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের দেয়া হয়। ইউরোপজুড়ে শিক্ষার্থী বিনিময়ের জন্য আছে ইরাসমাস প্রোগ্রাম। এ ছাড়া স্থানীয় পর্যায়ে মার্কে রিজিওনাল স্কলারশিপও রয়েছে।

যেসব সুবিধা পাবেন

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পাবেন উল্লেখযোগ্য আর্থিক সহায়তা। সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফের পাশাপাশি মাসিক জীবনযাত্রার খরচের জন্য ৩০০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে যা ১ লাখ ১৪ হাজার টাকার বেশি। যোগ্য শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে অথবা স্বল্প খরচে ভর্তুকিযুক্ত আবাসনের ব্যবস্থাও রয়েছে। স্বাস্থ্য সুরক্ষার জন্য থাকবে হেলথ ইনস্যুরেন্স, পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিয়ান ভাষা শেখার বিশেষ কোর্সে অংশ নেয়ার সুযোগও মিলবে।

আবেদন করতে পারবেন যারা 

বিশ্বের সব দেশের শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবশ্যই ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। স্নাতক প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ এবং স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়, তবে ইংরেজিতে দক্ষতার প্রমাণ দিতে হবে যেমন ইংরেজি মাধ্যমে পড়াশোনার সনদ বা অন্য স্বীকৃত ভাষা দক্ষতার সার্টিফিকেট।

যে বিষয়ে পড়াশোনা করতে পারবেন

ইউনিভার্সিটি অব ক্যামেরিনোতে পড়াশোনার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি, লাইফ সায়েন্সেস, আর্কিটেকচার ও ডিজাইন, সামাজিক বিজ্ঞান, ফার্মেসি ও স্বাস্থ্যবিজ্ঞান।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission