শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

আরটিভি নিউজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:২৬ পিএম


শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে কোনো অজুহাতেই পূর্ববর্তী শ্রেণিতে সফলভাবে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে ভর্তি ফি বা পুনঃভর্তি ফি গ্রহণ করা যাবে না। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর থেকে অতিরিক্ত আর্থিক বোঝা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করতে পারবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) ক্ষেত্রে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত মাসিক বেতন বা টিউশন ফি গ্রহণ করার সুযোগ রাখা হয়েছে। এই নীতিমালার মূল উদ্দেশ্য হলো শিক্ষাক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং যত্রতত্র ফি আদায়ের সংস্কৃতি বন্ধ করা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে নীতিমালায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরিচালিত হবে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে। তহবিলের প্রতিটি আয় ও ব্যয়ের নিখুঁত হিসাব সংরক্ষণের দায়িত্ব সরাসরি প্রতিষ্ঠান প্রধানের ওপর ন্যস্ত করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান—উভয়কেই ব্যক্তিগতভাবে দায়ী থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সব প্রকার আয় এখন থেকে নির্ধারিত ব্যাংক হিসাব, সোনালী পেমেন্ট গেটওয়ে অথবা সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে। হাতে হাতে বা নগদে ফি আদায় বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও বিশেষ জরুরি প্রয়োজন বা প্রাকৃতিক দুর্যোগের সময় মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে। তবে সেই অর্থ পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে অবশ্যই ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়ের খাতে কোনো প্রকার সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করতে হলে অবশ্যই মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হবে। এছাড়াও শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতগুলোতে সংগৃহীত অর্থ যথাযথ প্রক্রিয়ায় সময়মতো জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission