বিরূপ আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে বিরূপ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা দিতে যাওয়ার সময় পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। এ জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ধন্যবাদও জানিয়েছে।
একই বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে। স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোথাও প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
আরটিভি/এমএ



