চবির হলের খাবারে পাওয়া গেল ‘নারীর ছবি’, ঘটনা কি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ১১:৩০ পিএম


চবির হলের খাবারে পাওয়া গেল ‘নারীর ছবি’, ঘটনা কি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল আবাসিক হলে দুপুরের খাবারের সঙ্গে এক নারীর স্টিকারযুক্ত ছবি পাওয়ার অভিযোগ উঠেছে। পরে ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নিজের খাবারের প্লেটে এ ছবিটি দেখতে পান হৃদয় মিয়া নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থী হৃদয় মিয়া বলেন, ‘দুপুরে শাহজালাল হলের ডাইনিংয়ে খাবার খেতে বসি। খাওয়ার এক পর্যায়ে মাছের বাটি প্লেটে ঢালার সময় একটি স্টিকার পাই। পরে দেখি যে স্টিকারে ডিজাইন করা এক নারীর ছবি। স্টিকারের নিচে মেথির পুষ্টি সমৃদ্ধ লেখা ছিল। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি জানান, রান্নার জন্য আনা ম্যাজিক মসলার প্যাকেট থেকে হয়তো এটি খাবারে চলে এসেছে।’

এ ঘটনায় হলের খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন। তিনি বলেন, ‘হলের ডাইনিংয়ের খাবারে এ ধরনের কিছু পাওয়া দুঃখজনক বিষয়। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনে অবহেলার জানান দেয়। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’

আরও পড়ুন

শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, ‘আমি বিষয়টি দেখেছি। এ ঘটনায় রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এছাড়া, এর আগে খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকায় আগের ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও যদি খাবারের মান নিশ্চিত করতে আরও কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, তবে আমরা সেটিও করব।’

এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, ‘আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমি ক্যাম্পাসে যাইনি। তাই বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। হল সংসদ থেকেও এ বিষয়ে আমাকে কিছু জানায়নি। তবে, এরকম কোনো অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission