ক্রটিপূর্ণ ভোটার তালিকায় ড্যাবের নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
ড্যাবের আসন্ন নির্বাচন ঘিরে রোববার (১৩ জুলাই) রাজধানীতে বিএনপি সমর্থিত চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
সংগঠনের নেতাকর্মীরা জানান, ড্যাবের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা করতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. বি গনি ভূঁইয়া বলেন, সদ্যবিদায়ী ড্যাব কমিটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণভাবে বহু ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য চিকিৎসককে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। এটি সরাসরি সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী এবং চিকিৎসক সমাজের প্রতি অবিচার। আমরা একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকার দাবিতে অনড় থাকব।
ডা. এ টি এম নুরুন্নবী শাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ড্যাব হবে অগ্রগামী সংগঠন। এই সংগঠনকে দিয়ে আমরা চিকিৎসকদের অধিকার ফিরিয়ে আনব, ইনশাআল্লাহ।
ডা. একরামুল রেজা টিপু বলেন, ক্রটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়।
সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গণি ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। সভা সঞ্চালনা করেন ডা. একরামুল রেজা টিপু ও ডা. শাহরিয়ার মো. কবির হোসেন পল্লব।
এ ছাড়া সভায় ডা. মো. ওয়াসিম, ডা. নুরুন্নবী শাহ, ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান, ডা. তৌহিদ উল ইসলাম জন, ডা. এবিএম ছফিউল্লাহ, ডা. মাহবুব আরেফীন রঞ্জুমহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ/এস





