সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল (ভিডিও)

আরটিভ অনলাইন রিপোর্ট

সোমবার, ১৫ মে ২০১৭ , ১১:৪৯ এএম


সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল (ভিডিও)

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে পূর্বের রায় বহাল থাকলো।

সোমবার সাঈদীর রিভিউ আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার আপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে করা রাষ্ট্র ও আসামিপক্ষের রিভিউ শুনানি শুরু হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শুনানি শেষে সোমবার পর্যন্ত মুলতবি রাখা হয়।

সোমবার রিভিউ শুনানি শেষে আপিল বিভাগের দেয়া আমৃত্য কারাদণ্ড বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

গেলো ১১ মে খালাস চেয়ে সাঈদী ও সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্টপক্ষের করা আবেদন দুটি শুনানি জন্য ১৪ মে’র কার্যতালিকার ৩০ নম্বরে রাখা হয়। এর আগে গেলো ৬ এপ্রিল আবেদনটি কার্যতালিকায় ১৪৭ নম্বরে ছিল।

কিন্তু ওই দিন শুনানি পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ তা আমলে নিয়ে ১৪ মে নতুন দিন ঠিক করেন।

শুনানিতে দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৬ সালের ১২ জানুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ওই বছরের ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে রিভিউ করেছিলেন সাঈদীর আইনজীবীরা।

এর আগে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

হত্যা, ধর্ষণ, লুট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদীর বিচার শুরু হয়েছিল।

 

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission