বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া

আরটিভি নিউজ

বুধবার, ২৯ মে ২০২৪ , ০৯:৫০ পিএম


বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া
ছবি : সংগৃহীত

বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

বুধবার (২৯ মে) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। এ সময় তারা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে পার্ক ইয়ং-সিক বলেন, কোরিয়া বাংলাদেশে সরাসরি বিনিয়োগে আগ্রহী। বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করতে উপযুক্ত আইন প্রণয়ন করতে হবে।

শিরীন শারমিন বলেন, বাংলাদেশ যেমন নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে তেমনি বিদেশি অর্থায়নেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। বৈদেশিক সরাসরি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। এ দেশের আরএমজি সেক্টরসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কোরিয়ার বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ রয়েছে।

আলোচনা শেষে স্পিকারকে কোরিয়া সফরের আমন্ত্রণ জানান পার্ক ইয়ং-সিক। শিরীন শারমিন বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের সংসদের উত্তম অনুশীলন সম্পর্কে জ্ঞান লাভ করা যেতে পারে। সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission