ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের জন্য ১৩টি দেশ যৌথভাবে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফায়ড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।
জানা গেছে, এই ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।
বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া মেনে চলতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া, কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করা থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে। এছাড়া, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শও দেয়া হয়েছে।
বিবৃতিতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসা কার্যক্রম সম্পন্ন করতে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে।
আরটিভি/এসকে




