হৃদয় হত্যায় মিলছে চাঞ্চল্যকর তথ্য

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০১:২৯ পিএম


হৃদয় হত্যায় মিলছে চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয় হোসেনকে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ জুলাই এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মঈনুল করিম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যরা।

শুনানিতে প্রসিকিউটর মঈনুল করিম বলেন, মামলার অগ্রগতির প্রতিবেদনে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধানের জন্য দুই মাস সময় প্রয়োজন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১২ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করে।

এদিকে কোনাবাড়ি থানার সাবেক ওসি কেএম আশরাফ উদ্দিনের জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ শুভ। এ বিষয়ে আগামী ১৯ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার অগ্রগতির অংশ হিসেবে মঙ্গলবার সকালে সাতজন গ্রেপ্তার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, ঢাকা উত্তরের উপ-কমিশনার আব্দুল্লাহ হেল কাফি, সাবেক ওসি কেএম আশরাফ উদ্দিন, এসআই শেখ আবজালুল হক, শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, ফাহিম ও মাহমুদুল হাসান সজিব।

আরও পড়ুন

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিলে অংশ নেন কলেজছাত্র হৃদয় হোসেন। ওইদিনই তাকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করা হয়। পরে তার রক্তাক্ত মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় এবং এখনও তার মরদেহের সন্ধান মেলেনি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission