গুলিস্তানে মেঘলা পরিবহনের চাপায় ২ পথচারী নিহত: চালক গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ০৯ জানুয়ারি ২০২২ , ০১:৫৫ পিএম


Two pedestrians killed in Gulistan: Driver arrested
ঘাতক বাস এবং গ্রেপ্তারকৃত চালক

রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারে মেঘলা পরিবহনের বাস চাপায় দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। হালকা (প্রাইভেটকার) যান চালানোর লাইসেন্স থাকলেও তার বাস চালানোর কোনও লাইসেন্স ছিল না। আজ রোববার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহিনীর মুখপাত্র খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গত ৮ জানুয়ারি ঢাকা মহানগরীর হানিফ ফ্লাইওভারে সকাল সাড়ে ৯টার দিকে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শেখ ফরিদ (২৮) এবং মো. বাদশা মিয়া (৩২) নামে দুজন নিহত হন। একই ঘটনায় আহত হন আরও কয়েকজন। তাদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা সড়ক ও পরিবহন আইনে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৩ এর আভিযানিক দল গত ৮ জানুয়ারি রাতে ঢাকা মহানগরীর ওয়ারী এলাকা থেকে মেঘলা পরিবহনের ঘাতক বাসটির চালক মো. রাকিব শরীফকে (২৫) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বর্ণিত সড়ক দুর্ঘটনার সাথে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃত রাকিব শরীফ র‌্যাবকে জানায়, সে ৭-৮ বছর মেঘলা পরিবহনে বাসে চালকের সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি নিজেই গাড়ি চালানোর জন্য মেঘলা পরিবহনের বিভিন্ন মালিককে ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু গ্রেপ্তারকৃত রাকিব শরীফ এর কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় প্রাথমিক পর্যায়ে কোনও মালিক তাকে গাড়ি চালানোর অনুমতি দেয়নি। পরবর্তী সময়ে সে বিভিন্ন তদবিরের মাধ্যমে সাময়িকভাবে গাড়ি চালানো শুরু করে। ২০১৯ সালে সে হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স (পেশাদার) পায়। হালকা মোটরযান লাইসেন্স দিয়েই সে ভারী মোটরযান চালানো শুরু করে। কিন্তু তার ভারী মোটরযান চালানোর মত কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্স (পেশাদার) ছিল না।

গ্রেপ্তারকৃত রাকিব শরিফ আরও জানায়, গত ১৫ দিন ধরে বাসটির মালিক সবুর মিয়া (৫০) কাছ থেকে দৈনিক ২ হাজার ২৫০ টাকা চুক্তিতে বাসটি ভাড়ায় চালানো শুরু করে। গত ৮ জানুয়ারি বাসটি নিয়ে সকাল পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া থেকে গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে আসে। আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান সংযোগে নামার সময় বাসটির অতিরিক্ত গতির কারণে এবং ব্রেক কাজ না করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে আইলেনের সাথে ঘেঁষে নামতে থাকে।

এ সময় ফ্লাইওভারে অন্য একটি বাস হতে যাত্রী নামছিল। তাদের মধ্যে হতে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থল হতে দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

গ্রেপ্তারকৃত রাকিব শরীফ আরো জানায়, গাড়ির দৈনিক চুক্তিভিত্তিক ভাড়া মালিককে পরিশোধ করার জন্য এবং বেশি মুনফা লাভের আশায় সে ট্রিপ সংখ্যা বৃদ্ধির জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালাতো। অধিক গতি থাকার কারণে ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে পথচারীদের চাপা দেয়।

কেএফ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission