সয়াবিনের দাম কাল থেকে বাড়ছে

আরটিভি নিউজ

রোববার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ , ০৭:১৭ পিএম


সয়াবিনের দাম কাল থেকে বাড়ছে
ফাইল ছবি

সয়াবিনের দাম ফের বাড়িয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ানো হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এক মাস আগে দেওয়া মিল মালিকদের প্রস্তাবেই এমন দাম বাড়িয়েছে সরকার।

মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান জানান, এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের সর্বোচ্চ মূল্য হবে ১৬৮ টাকা, পাঁচ লিটারের বোতলের দাম ৭৯৫ টাকা, খোলা সয়াবিনের লিটার হবে ১৪৩ টাকা এবং সুপার পাম তেলের দাম হবে ১৩৩ টাকা।

মন্ত্রণালয়ের ঘোষণার অনেক আগেই সয়াবিন তেলের দাম বেড়েছে বাজারে। ব্যবসায়ীদের প্রস্তাবের পর বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন ১৫ দিনের মধ্যে দাম বাড়ানো হবে না।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল- এবার সরাসরি কারখানা পরিদর্শন করে দাম বাড়ানোর সবগুলো কারণ পর্যালোচনার পর দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হবে।

এর পরপরই বাজারে দাম বাড়তে থাকে।

গত বছর ১৯ অক্টোবর সর্বশেষ সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছিল সরকার। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছিল ৭৬০ টাকা এবং পাম তেলের দাম ছিল ১১৮ টাকা।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, গত ১৯ জানুয়ারি তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দেখা গেলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলে এটা এডজাস্ট করা দরকার। তাদের লস হচ্ছে। এসব কিছু বিবেচনায় এনে দাম বাড়ানো হলো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission