সালাম দিয়ে রিকশায় উঠে সব লুটে নিত তারা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জুন ২০২২ , ০৬:৩৮ পিএম


সালাম দিয়ে রিকশায় উঠে সব লুটে নিত তারা
ছবি: সংগৃহীত

রিকশার গতিরোধ করতে তাদের প্রধান অস্ত্র ‘সালাম’। এমনভাবে হেসে সালাম দিতেন রিকশা আরোহীর মনে হতো লোকটি হতো তার পূর্বপরিচিত। এরপর কাছে গিয়ে হঠাৎ রিকশার হুড তুলে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু লুটে নিত। এভাবেই বহুদিন ধরে রাজধানীর উত্তরা, মিরপুর ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় মানুষকে জিম্মি করে ছিনতাই করে আসছিল চক্রটি। অবশেষে ‘সালাম পার্টি’ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আমিনুল ইসলাম, মো. সজল সিদ্দিক, দেলোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. হাসান, মো. আমির আলী ও মো. লিটন মিয়া।

শুক্রবার (১৭ জুন) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, ডাকাতির উদ্দেশ্যে ‘সালাম পার্টি’র কয়েকজন সদস্য উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অস্ত্রসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আমিনুল, সজল, দেলোয়ার ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি প্যাডেলচালিত রিকশা, চাপাতি, চার টুকরা নাইলনের রশি ও তিনটি চাকু জব্দ করা হয়।

এ ছাড়া পৃথক আরও একটি অভিযানে, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সালাম পার্টির সদস্য হাসান, আমির ও লিটনকে গ্রেপ্তার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, এই চক্রের একজন প্রথমে ব্যাংকে অবস্থান নিয়ে নজরদারি করতো। টাকা তুলে কেউ রিকশায় উঠলেই তাকে টার্গেট করে পিছু নিতো। পরে রিকশাসহ ওই যাত্রী কোনো নির্জন রাস্তায় পৌঁছালে তাদের মধ্যে একজন রিকশার যাত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে রিকশার গতিরোধ করতো। এরপর বাকিরা একত্রিত হয়ে রিকশার হুড উঠিয়ে ওই যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।

গ্রেপ্তার এড়াতে এই চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে ভিন্ন পরিচয় ও ঠিকানা ব্যবহার করতো। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission