শ্বেতাঙ্গ বলেই কি সন্ত্রাসী বলা যাবে না?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৪ অক্টোবর ২০১৭ , ০৫:৩৫ পিএম


শ্বেতাঙ্গ বলেই কি সন্ত্রাসী বলা যাবে না?

স্টিফেন প্যাডক। যে মানুষটি আমেরিকার লাস ভেগাসে গুলি করে ৫৯ জনকে হত্যা ও ৫ শতাধিক মানুষকে আহত করেছেন।  এই ব্যক্তিকে কেন 'সন্ত্রাসী' আখ্যা দেয়া হবে না, তা নিয়ে অনলাইনে একটি বিতর্ক শুরু হয়েছে।

তাকে সন্ত্রাসী না বলে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে 'নিঃসঙ্গ শিকারি' (লোন উলফ), 'দাদামশায়' (গ্রান্ডড্যাড), 'জুয়াড়ি' কিংবা 'সাবেক হিসাবরক্ষক' হিসেবে।

নেভাডার বাসিন্দা ৬৪ বছর বয়স্ক বন্দুকধারী স্টিফেন প্যাডক মান্দালয় বে হোটেলের ৩২ তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় এই হত্যাকাণ্ড ঘটায়।

লাস ভেগাসে সেসময় রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভাল চলছিল।

কেন এই হামলাটি সে চালিয়েছে তা এখনো জানা যায়নি। আন্তর্জাতিক কোন সন্ত্রাসী চক্রের সঙ্গে তার কোন যোগসাজশ খুঁজে পাওয়া যায়নি। মস্তিষ্কবিকৃতির কোন লক্ষণও তার ছিল না।

এখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই লিখছেন, প্যাডক যদি একজন মুসলিম হতো, তাহলে ঘটনা ঘটার সাথে সাথেই তার নামের সাথে 'সন্ত্রাসী' শব্দটি যুক্ত হয়ে যেত। আন্তর্জাতিক কোন সন্ত্রাসী সংগঠনের সাথে তার যোগসাজশ আছে কি না সেটা প্রমাণের জন্যও অপেক্ষা পর্যন্ত করা হতো না।

এই ক্ষেত্রে এমনটি কেন হল না তা নিয়েই আলোচনা করছেন সেলেব্রিটি, টিভি ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদেরা। অনেকেই মনে করছেন শ্বেত গাত্রবর্ণের কারণেই তাকে সন্ত্রাসী বলা হচ্ছে না।

ইন্দোনেশিয়ার মুরসাল নামের একজন লিখেছেন, ‘তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হচ্ছে না? সম্ভবত তার চেহারাটা আরব নয় বলেই।’

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্যাডককে  সন্ত্রাসী আখ্যা না দেয়ার জন্য মূলধারার গণমাধ্যম ও কর্মকর্তাদের ব্যাপক সমালোচনা করা হচ্ছে। কিন্তু প্যাডককে সন্ত্রাসী না বলার পক্ষেও যুক্তি আছে অনেকের।

ডন ইনভারসো নামে একজন টুইটারে লিখেছেন, ‘এটা সন্ত্রাসবাদ নয়। সন্ত্রাসবাদ ব্যবহার করা হয় মানুষকে ভয় দেখিয়ে তার রাজনৈতিক কিংবা ধর্মীয় বিশ্বাস পরিবর্তনের জন্য। এটা একটা গণ হত্যাকাণ্ড।’

এম জি মিশেল লিখেন, ‘তারা যদি রাজনৈতিক উদ্দেশ্যের কোন প্রমাণ খুঁজে না পায় তাহলে স্টিফেন প্যাডক একজন গণ হত্যাকারী। সন্ত্রাসীর সংজ্ঞায় সে পড়ে না।’

এপি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission