গোয়েন্দা সংস্থার মাধ্যমে ঈদযাত্রার ভাড়া পর্যবেক্ষণের পরামর্শ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ , ০১:২৬ পিএম


পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় মসিউর রহমান রাঙ্গা, ওবায়দুল কাদের ও অন্যান্যরা
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে বাড়তি ভাড়া আদায় বন্ধে গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণপরিবহনের ভাড়া পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ পরামর্শ দিয়েছেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ঈদে মালিকদের পক্ষ থেকে অতিরিক্ত কোনো ভাড়া নির্ধারণ করা হয় না। তারপরও প্রতিবার অতিরিক্ত ভাড়ার অভিযোগ আসে। আমাদের আসলে এতো পরিমাণ গাড়ি যে, সবগুলোকে একসঙ্গে দেখা সম্ভব হয় না। প্রতিবার কিছু অসাধু ব্যক্তি আগেই বেশি করে টিকিট কেটে রেখে দেয়, এরপর ঈদের আগে বেশি দামে বিক্রি করে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাকে কাজে লাগালে প্রতিকার পাওয়া যাবে।

সড়কের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এবার অন্যান্য সময়ের তুলনায় রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। দুই লেনের রাস্তাগুলো এখন চার লেন হচ্ছে। আশা করি এই ঈদে যানবাহন চলাচলে সমস্যা হবে না। গতবার ট্রাফিক পুলিশ ড্রোন দিয়ে রাস্তার সার্বিক অবস্থা দেখার ব্যবস্থা করে দিয়েছিল, যে কারণে ক্যামেরায় দেখে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পেরেছি। এবারও যদি এ রকমটা হয়, তাহলে অনেকটাই সুবিধা হবে।

তিনি আরও বলেন, আমরা দেখি প্রতিবারই রাস্তার পাশে হাটবাজার থাকার কারণে যানবাহন চলাচল করতে সমস্যা হয়। এগুলো বন্ধ করার অনুরোধ রইলো। অন্তত মূল সড়ক থেকে হাটবাজার যেন দূরে হয়। তাহলে এবার ঈদে অন্য বছরগুলোর মতো ভোগান্তি পোহাতে হবে না।

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বলেন, প্রতি ঈদেই রাজধানীতে বাড়তি গাড়ি চলে আসে, যেগুলোর কোনো ফিটনেস থাকে না। এগুলোর কারণেই দুর্ঘটনা বেশি ঘটে। এবার ঈদে এগুলো যেন চলতে না পারে। দুর্ঘটনার আরেকটি কারণ হলো মহাসড়কগুলোতে অনেক স্পিডে গাড়ি চলে। এছাড়া মহাসড়কে নসিমন-করিমন চলাচলের কারণেও দুর্ঘটনা দেখা যায়। আগামীতে সমস্যা থাকবে না।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission