সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনি: নিহত ১, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০৫:০৩ পিএম


সিঙ্গাপুরগামী ফ্লাইটে তীব্র ঝাঁকুনি: নিহত ১, আহত ৩০

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ যাত্রী। 

সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা জানিয়েছে, টার্বুলেন্সের কবলে পড়ার পর বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি ব্যাংককে ডাইভার্ট করা হয়। যেখানে, বিমানটি মঙ্গলবার (২১ মে) বিকেল পৌনে ৪টায় অবতরণ করে।

সিঙ্গাপুর এয়ারলাইন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।

বিমানটিতে হঠাৎ কী ধরনের ত্রুটি দেখা দেয়, এ বিষয়ে এখন পর্যন্ত কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলেনি।

সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী চি হং টাট বলেছেন, তাদের সরকার ওই বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারকে সহায়তা দেবে।

এএফপি জানায়, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে তীব্র ঝড়ের কবলে পড়ে সেটি। এই ঘটনার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের পাইলট মঙ্গলবার ব্যাংককের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, হিথরো বিমানবন্দর ছেড়ে আসা বিমানটি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়াই আমাদের মূল অগ্রাধিকার। আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। অতিরিক্ত সহায়তার জন্য একটি দলকে ব্যাংককে পাঠাচ্ছি।’

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission