বাংলাদেশের নারীদের জন্য মোবাইল অ্যাপভিত্তিক তথ্যসেবা ওয়েবসাইট মায়া আপা গুগল এক্সিলারেটরের স্টার্টআপ তালিকায় জায়গা করে নিয়েছে। মায়া আপা প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান যেটি এ তালিকায় স্থান পেলো।
গুগল এক্সিলারেটর হলো সার্চ ইঞ্জিন গুগলের উদ্যোগে বিশ্বের বিভিন্ন স্টার্টআপদের হাতেকলমে মেন্টরশিপ শীর্ষক প্রোগ্রাম। এবার এ আয়োজনের এটি পঞ্চম আসর। এতে সবমিলিয়ে স্থান পেয়েছে ৩৪টি প্রতিষ্ঠান। সম্প্রতি নির্বাচিত স্টার্টআপদের তালিকা প্রকাশ করেছে গুগল।
সেখানে দেখা যায় বাংলাদেশি প্রতিষ্ঠান মায়া আপা ওই তালিকায় স্থান করে নিয়েছে।
ওই তালিকায় ভারতের ৪টি ও ব্রাজিলের ৩টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। আর নাইজেরিয়া, রাশিয়া, আর্জেন্টিনা ও মেক্সিকোর রয়েছে ২টি করে প্রতিষ্ঠানের নাম। অন্যদিকে ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, হাঙ্গেরি ও পোল্যান্ডের ১টি করে প্রতিষ্ঠান স্থান পেয়েছে তালিকায়।
ছয় মাসের এ প্রকল্পে আগামী বছরের ২৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গুগলের প্রধান কার্যালয়ে এ স্টার্টআপদের নিয়ে শুরু হবে দুই সপ্তাহের বুটক্যাম্প। সেখানে এ স্টার্টআপের প্রতিনিধিরা বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও ভেঞ্চার ক্যাপিটালের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে মেন্টরশিপ সুবিধা পাবেন। এছাড়া গুগলের বিভিন্ন পণ্য সেবা, মিডিয়া প্রশিক্ষণ ইত্যাদিও থাকবে বুটক্যাম্পে।
বাংলাদেশের স্টার্টআপ মায়া আপার (www.maya.com.bd) মোবাইল অ্যাপে স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ রয়েছে নারীদের বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ দেওয়ার ব্যবস্থা। এই অ্যাপের মাধ্যমে যে কোনো নারী নিজের নাম-পরিচয় গোপন রেখেই প্রশ্ন করতে পারবেন। আর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পেয়ে যাবেন বিশেষজ্ঞ পরামর্শ। অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/ZpGCdO ঠিকানা থেকে।
এ/এএ




