‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর নতুন সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ

আরটিভি নিউজ

সোমবার, ২১ অক্টোবর ২০২৪ , ১১:২৫ পিএম


‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর নতুন সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ
ছবি: সংগৃহীত

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে। আর এতদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা। ২০২৪ সনের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবাদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেওয়া এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

গত ১২ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয়েছিল। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর তখন সাধারণ সম্পাদক করা হয়েছিল আন্দোলনে শহীদ মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান; এখন তাকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমেদ, দপ্তর সম্পাদক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং সদস্য হিসেবে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission