সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা: আলী রীয়াজ

আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৮:০৩ পিএম


সবার অংশগ্রহণে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

সবার অংশ নেওয়ার মধ্য দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমার বাংলাদেশ (এবি) পার্টির সংলাপের শুরুতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, সবার অংশগ্রহণের মধ্যদিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা। শুধুমাত্র কোনো বিশেষ সমাজের বা বিশেষ কোনো গোষ্ঠীর কিংবা বিশেষ কোনো অংশের প্রতিনিধিত্ব নয়, এমন ঐকমত্য গড়ে তুলতে হবে তা যেন প্রকৃতপক্ষেই জাতীয় হয়ে উঠে।

বিজ্ঞাপন

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু শুধু রাজনৈতিক দল নয়, এর বাইরে সংস্কার বিষয়ে কীভাবে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মুক্ত করা যায়, তা নিশ্চিত করতে হবে। কমিশন থেকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। তাছাড়া সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে একটা জরিপ কাজ পরিচালনা করা হবে। খুব শিগগিরই আপনাদের সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে জানানো হবে।

এদিন ঢাকার সংসদ ভবনের এল. ডি হলে অনুষ্ঠিত সংলাপে কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল এ আলোচনায় অংশ নেয়।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর সোমবার থেকে আবারও সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে সকালে সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কিত নিজেদের মতামত জমা দেয় গণতান্ত্রিক বাম ঐক্যের শরিক দল।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ২৯টি দলের কাছ থেকে মতামত পেয়েছে এবং এ পরিপ্রেক্ষিতে পাঁচটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে কমিশন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় নাগরিক ঐক্যের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় ঐকমত্য কমিশন থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission