হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় শিবির নেতাকে জড়িয়ে গুজব

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০৩:০৫ পিএম


হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় শিবির নেতাকে জড়িয়ে গুজব
সংগৃহীত ছবি

‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর শিবির সভাপতি গ্রেপ্তার বিস্তারিত কমেন্টে’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে। যা গুজব বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

বিজ্ঞাপন

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি হাসনাত আবদুল্লাহর ওপর হামলায় গাজীপুর মহানগর শিবির সভাপতি রেজাউল ইসলাম মুনতাসির আহমেদ নয়, এ ঘটনায় শিবিরের কোনো নেতাকর্মীই গ্রেপ্তার হননি। বরং পুলিশের দাবি অনুযায়ী আটককৃত প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘sadhinnews247’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ‘হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর শিবির সভাপতি গ্রেপ্তার’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এর প্রকাশকাল হিসেবে ৫ মে তারিখের কথা উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

12

কথিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুর মহানগর শিবিরের সভাপতি মুনতাসির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরের দক্ষিণ চান্দনা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনায় সোমবার রাতে অভিযান চালিয়ে মুনতাসিরকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের বরাতে বলা হয়, হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে শিবির নেতার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় পরিকল্পনা, উসকানি ও সরাসরি অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক ধারা যুক্ত করা হয়েছে।  

বিজ্ঞাপন

তবে, হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটকের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে কোনো শিবির নেতাকে আটকের তথ্য খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, পুলিশের দাবি অনুযায়ী উক্ত ঘটনায় আটককৃত প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। 

ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।

সুতরাং, হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরের শিবির নেতা গ্রেপ্তারের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

আরটিভি/এফএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission