হাজিদের নিয়ে দুপুরে ফিরছে প্রথম ফ্লাইট 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০১:৩০ পিএম


হাজিদের নিয়ে দুপুরে আসছে প্রথম ফ্লাইট 
ফাইল ছবি

পবিত্র হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়েছে আজ। মঙ্গলবার (১০ জুন) দুপুর ২টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের নিয়ে অবতরণ করবে প্রথম ফিরতি ফ্লাইটটি।

বিজ্ঞাপন

আশকোনার হজ অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা হয়ে ৩৭৪ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

গত ৫ জুন আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে শেষ হয় পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালন করেছেন। তিনটি এয়ারলাইনসের মোট ২২৪টি ফ্লাইটে এ হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইনসের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে যান।

বিজ্ঞাপন

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়, শেষ হয় ৩১ মে। আজ থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট।

এবার হজে গিয়ে মোট ১৯ বাংলাদেশি (১৭ জন পুরুষ ও দুইজন নারী) হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে মক্কায় ১১ জন, মদিনায় ৭ জন ও আরাফার ময়দানে একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission