৩২ নম্বরে চলছে ‘কিলার হাসিনা’ গানের ভিডিও প্রদর্শন

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ , ০৫:০২ পিএম


৩২ নম্বরে চলছে ‘কিলার হাসিনা’ গানের ভিডিও প্রদর্শন
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে নেই কোনো আয়োজন। বরং ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গানের আয়োজন করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ সময় সাউন্ড বক্সের মাধ্যমে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’,সহ বিভিন্ন গান বাজানো ও ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হচ্ছে। 

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের জন্য বিরতির পর দুপুর ২টা ৩৫ মিনিটে গান চালু করা হয়।

বিজ্ঞাপন

প্রথম গানটি ছিল ভারতীয় চলচ্চিত্রের ‘কিলার হাসিনা’ শিরোনামের একটি গান। ২০২২ সালে অর্জুন কুমার ও তুলশী কুমারের লেখা গানটি টি-সিরিজ থেকে প্রকাশিত হয়।

এরপর ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা আর কে বলবে আর। পালিয়ে গেছে কাউয়া কাদের এই খবর কেউ যানে না। গানটি বাজানো ও ভিডিও প্রদর্শন করা হয়। পরে একে একে বিভিন্ন গান বাজানো হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে জনরোষের গণধোলাইয়ের শিকার হয়েছেন আজিজুর নামের এক রিকশাচালক।

ওই ফুলের তোড়ার ওপর লেখা ছিল, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোন দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।

বিজ্ঞাপন

এ ছাড়াও এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে দু-একজনকে চড়-থাপ্পড়, মারধরও করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কাউকে আটকের ঘটনা ঘটেনি।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের দুই পাশ পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। শুধু গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। দুই পাশেই ছাত্রদলসহ বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

এ ছাড়া শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্যকে পাহারা দিতেও দেখা গেছে।

গুলশান ছাত্রদলের কর্মী তানজীব বলেন, ধানমন্ডিতে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং আওয়ামী লীগের লোকজন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি আমরা এখানে আছি। দু-একজন আওয়ামী লীগের লোক এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission