সংসদে প্রধানমন্ত্রীকে রওশন

‘আমরা বলতে পারি না জাপা সরকারি নাকি বিরোধী দল’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ , ০৯:৩৩ পিএম


‘আমরা বলতে পারি না জাপা সরকারি নাকি বিরোধী দল’

সংসদে জাতীয় পার্টি বিরোধী দল নাকি সরকারি দল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, আমরা বাইরে গেলে নানা কথা হয়। সবাই বলে আপনারা কোথায় আছেন সরকারে, না বিরোধী দলে? আমরা বলতে পারি না।

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রওশন বলেন, প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাদের মন্ত্রীগুলোকে উইথড্রো করে নেন। আপনি সেটা করেন নাই। আমরা বিরোধী দল হতে পারি নাই। এভাবে বিরোধী দল হওয়া যায়? টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। আমাদের বিরোধী দল হতে দেন নয়তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন।

রওশন বলেন, আমাদের বিরোধী দলের মতো বিরোধিতা করতে দেন নয়তো আমাদের ৪০ জনকে সরকারি দলে নিয়ে নেন। বিরোধী দল দরকার নেই। এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেত। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। আমরা সরকারি, না বিরোধী দল? বিদেশে গেলে বলতে পারি না আমরা কী?

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন আরও বলেন, জাতীয় পার্টি আজ সম্মানের সঙ্গে থাকতে পারতো। আমরা সম্মানের সঙ্গে নেই। এক বছর আছে আরও, সেটা দেখেন।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের পর বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। রওশন হন বিরোধীদলীয় নেতা। এরপর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর তিন সদস্য আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী এবং মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা প্রতিমন্ত্রী হন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকেও করা হয় মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission