ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করল বিমান

আরটিভি নিউজ 

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০৬:৫১ পিএম


ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করল বিমান
ফাইল ছবি

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ হচ্ছে। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকবে। উড়োজাহাজের স্বল্পতা এবং আসন্ন হজ কার্যক্রমের জন্য বাড়তি ফ্লাইটের প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যমান উড়োজাহাজগুলোর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং পুরো নেটওয়ার্ক জুড়ে বিমানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেই ম্যানচেস্টার রুটে ফ্লাইট কমানোর এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ম্যানচেস্টার রুটের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেশ কিছু বিকল্প প্রস্তাব দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী যাত্রীরা ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমানের বিকল্প ফ্লাইটে যাতায়াত করতে পারবেন। এছাড়া যাত্রীদের প্রয়োজন অনুযায়ী ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ থাকছে।এদিকে যারা ভ্রমণ করতে ইচ্ছুক নন, তারা বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী টিকিটের মূল্য বা রিফান্ড ফেরত পাবেন।

বিজ্ঞাপন

এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমানের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, কল সেন্টার (১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে রাষ্ট্রীয় এই সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে পুনরায় ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission