আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপিসহ মোট আটটি রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।
এর আগে বিএনপির আবেদনের প্রেক্ষিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধারণকৃত বক্তব্য প্রচারের জন্য বিটিভিকে নির্দেশনা দিয়েছিল কমিশন।
নির্দেশনায় যেসব দলের প্রধানদের বক্তব্য প্রচারিত হবে সেগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
চিঠিতে এই দলগুলোর দলীয় প্রধানের বক্তব্য প্রচারের জন্য প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনি কোনো বাধা নেই বলে কমিশন গ্রিন সিগন্যাল দেওয়ার পর অন্য দলগুলোও তাদের প্রচারণার অংশ হিসেবে এই দাবি জানিয়েছিল। ১০ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার সময়সীমা শেষ হওয়ার আগেই এই বক্তব্যগুলো ধারাবাহিকভাবে বিটিভির পর্দায় দেখার সুযোগ মিলবে।
আরটিভি/এআর




