শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না আদালতের এমন নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভিন্ন উপায়ে ফি আদায় করলে এবং তার প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এমপিও (মাসিক বেতনভুক্তি) সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এর আগে তড়িঘড়ি করে যাচাই-বাছাই করা হয়েছিল। বিষয়টি এখন পুনরায় পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাত কলেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো নথি দেখার সুযোগ হয়নি। একটি কমিটি গঠন করে বিষয়টি পর্যালোচনা করা হবে। পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
আরটিভি/এসকে





