আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। ভূমিকম্পটির মূল উৎপত্তিস্থল মিয়ানমার হলেও ভূমিকম্পে কেঁপে উঠেছে বান্দরবানসহ সীমান্তবর্তী বেশ কিছু এলাকা। কম্পন টের পাওয়া গেছে রাজধানী ঢাকাতেও।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, মূল কেন্দ্রে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
অন্যদিকে ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা গেছে রাজধানী ঢাকাসহ দেশের অনেক অঞ্চলের মানুষই টের পেয়েছেন এই ভূমিকম্প। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হলো বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, টেকনাফ।
ঢাকা ও এর আশপাশের অঞ্চলের অনেকেও টের পেয়েছেন কম্পন। এর মধ্যে গাজীপুর, টঙ্গী উল্লেখযোগ্য। এছাড়া, সিলেট, ময়মনসিংহ; এমনকি লালমনিরহাট থেকেও ভূমিকম্প টের পাওয়ার কথা জানিয়েছেন অনেকে।
আরটিভি/এসএইচএম





