তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ০৩:৫০ পিএম


তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ পেশাজীবীরাই প্রধান শক্তি। টেকসই জাতীয় উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং সম্মিলিত দায়বদ্ধতা থাকা অপরিহার্য।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) রাজধানীর সিক্স সিজনস হোটেলে ‘ফোরাম অব ইয়ং প্রফেশনালস’ (FYP) আয়োজিত ‘নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন খাতের পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, আর্থিক সচেতনতা এবং উদ্যোক্তা মনোভাবই পারে একজন পেশাজীবীকে সফল করতে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ক্ষমতায়নে তরুণদের পেশাগত সততার সঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন ফোরাম অব ইয়ং প্রফেশনালসের উপদেষ্টা রাশেদ উল হক সরকার। তিনি সংগঠনের দীর্ঘ যাত্রা, সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, নেতৃত্ব বিকাশ এবং পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখতে এফওয়াইপি বদ্ধপরিকর।

আরও পড়ুন

অনুষ্ঠানে সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল এফওয়াইপির সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। সংগঠনের প্রতি নিষ্ঠা, অসামান্য অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নেতৃত্বগুণ এবং স্বেচ্ছাসেবীমূলক কাজের মাধ্যমে যারা উদাহরণ সৃষ্টি করেছেন, তাদের সম্মাননায় ভূষিত করা হয়।​​ইফতারের আগে আয়োজিত নেতৃত্ব সংলাপে তরুণ পেশাজীবীদের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা সমসাময়িক প্রেক্ষাপটে তরুণদের এগিয়ে যাওয়ার পথনির্দেশনা প্রদান করেন। পরিশেষে, সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘ফোরাম অব ইয়ং প্রফেশনালস’ (FYP) একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে উদীয়মান নেতা ও পেশাজীবীদের ক্ষমতায়ন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission