প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে আজ (৯ মার্চ) পর্যন্ত ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরবে ২ জন, বাহরাইনে ১ জন ও দুবাইয়ে ১ জন মারা গেছেন। এ ছাড়া এখন পর্যন্ত ১৪ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৯ মার্চ) দুবাইয়ে নিহত আহমদ আলীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকট শুরু হওয়ার পর যখন ফ্লাইট বন্ধ ছিল, তখন থেকেই যাত্রীদের থাকার ব্যবস্থা করাসহ সংকট নিরসনে সমন্বয় করে কাজ করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছিলেন। আজকেও আমরা সৌদিতে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। টাঙ্গাইলের নিবাসী নিহত বাচ্চু মিয়ার পরিবারের সঙ্গেও আমাদের কথা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জের যিনি মারা গেছেন তার পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১৪ জন আহত আছেন। সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা আমাদের দূতাবাসগুলো তাদের পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু এই সংকটের ওপর আমাদের কোনো হাত নেই, তাই প্রবাসীদের প্রতি আমাদের পরামর্শ হলো- যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যে স্থানগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে, সেই এলাকাগুলো এড়িয়ে চলুন।
সংশ্লিষ্ট দেশগুলোর দেওয়া সতর্কতামূলক সাইরেন ও দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি প্রবাসীদের প্রতি অনুরোধ জানান, যাতে ওই দেশগুলোর আইনবিরোধী কোনো কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার না করা হয়।
আরটিভি/এমএইচজে




