কে হচ্ছেন নতুন ‘স্পিকার’ 

আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৯:৫৯ এএম


কে হচ্ছেন নতুন ‘স্পিকার’ 
ছবি: সংগৃহীত

সরকারি দলের সংসদীয় সভা বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই সভা হবে।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

বিজ্ঞাপন

জানা গেছে, এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। 

এ ছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন

আলোচনায় যারা
সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদের জন্য ড. মঈন খান ও মেজর হাফিজ ছাড়াও আলোচনায় রয়েছেন বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন। 

একাধিক হুইপ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া আর কেউ জানেন না, কে হতে যাচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদ পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের মধ্য থেকে একজন হতে পারেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনের নামও আলোচনায় রয়েছে। জয়নুল আবেদীন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে আইন পেশায় দীর্ঘ সম্পৃক্ততা এবং সংবিধান ও সংসদীয় বিধিবিধান বিষয়ে দক্ষতার কারণে তিনিও আলোচনায় আছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। 

জানা গেছে, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দল জামায়াতে ইসলামীকে দিতে চায় বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতকে নাম ঠিক করতে বলা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলের পক্ষ থেকে আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটি জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একইসঙ্গে নির্বাচিত হতে পারে।

জামায়াত না নিলে প্রথম দিনে দলীয় এমপিদের মধ্য থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করবে বিএনপি। এ পদের জন্যও কয়েকটি নাম আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করায় এবং হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রথম অধিবেশন শুরু করতে একজন সভাপতি প্রয়োজন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission