জাতীয় সংসদে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ এপ্রিল) অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী মেঘনা গ্যালারিতে যান। এ সময় তিনি প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কথা শোনেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান একে একে সবার খোঁজ-খবর নেন। কারো চিকিৎসার অগ্রগতি জানতে চান, আবার কারো কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর কথায় ছিল সহমর্মিতা। একজন পরিবারের সদস্য হয়ে শুনলেন তাদের দুঃখ-দুর্দশার কথা।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সারাদেশ থেকে আসা প্রায় ৬০ জন জুলাই গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পরিবারের সদস্য এ সময় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন শহীদ পরিবারের সদস্য, বাকি সবাই জুলাই গণআন্দোলনে সরাসরি অংশ নিয়ে আহত হয়েছিলেন। অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে একে একে তাদের সবার কথা শোনেন। কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এ সময় মাথায় হাত বুলিয়ে তাদের সান্ত্বনা দেন।
আরটিভি/এমএ



