প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন ২০ এপ্রিল

আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৬:৩৯ পিএম


প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন ২০ এপ্রিল
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন

সংবাদ সম্মেলন শেষে তারা জনসভাস্থলসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বগুড়া পৌঁছাবেন। তার সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও অংশ নেন।

সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জেলা জজ কোর্টে ই-বেইলবন্ড কার্যক্রমের এবং বার সমিতির নবনির্বাচিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে উদ্বোধন করবেন তিনি।

এছাড়া গাবতলীর বাগবাড়ীতে নিজ পৈতৃক ভিটায় গিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

আরটিভি/এমআই 


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission