হজ যাত্রীদের এবার কোনো ভিসা জটিলতা নেই বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
তিনি বলেন, অনেকে ব্যক্তিগত ও দলীয়গত অবস্থান থেকে নেতিবাচক অভিযোগ করতে পারেন, তবে ভুল হলে ধরিয়ে দেবেন।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর আশকোনা হজ ক্যাম্প ও এয়ারলাইনসগুলোর বোডিং এবং ইমিগ্রেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এবার কোনো ভিসা জটিলতা নেই, খাবার নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। তাই তথ্য যাচাই করে প্রচার করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।
তিনি বলেন, শতভাগ মানুষ সন্তুষ্ট হয় না, অনেকে ব্যক্তিগত ও দলীয়গত অবস্থান থেকেও নেতিবাচক অভিযোগ করতে পারেন। তাই ভুল হলে ধরিয়ে দেবেন। কিন্তু ভুল কিংবা মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ রইল।
এর আগে মন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এরপর এয়ারলাইনসগুলোর বোডিং ও ইমিগ্রেশনে যান।
চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন।
হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ফ্লাইটগুলো পরিচালিত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।
আরটিভি/এমএ




