পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাশিয়ার অভিনন্দন

আরটিভি নিউজ  

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৭:৩২ পিএম


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাশিয়ার অভিনন্দন
বাঁয়ে কিরিল লগভিনভ, ডানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া। দেশটির পক্ষে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অধিদপ্তরের মহাপরিচালক কিরিল লগভিনভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

বুধবার (৩ জুন) দেওয়া এই অভিনন্দন বার্তায় ড. খলিলুর রহমানের পেশাগত গুণাবলি এবং কূটনৈতিক দক্ষতার প্রশংসা করা হয়। তার যোগ্য নেতৃত্বে একটি কার্যকর এবং সফল সাধারণ পরিষদের অধিবেশন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়া।

কিরিল লগভিনভ বলেন, ‘আমরা নিশ্চিত যে তার উচ্চ পেশাদারিত্ব এবং ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা আসন্ন সেশনে সাধারণ পরিষদের সফল ও দক্ষ কার্যকারিতার চাবিকাঠি হবে। আজ যখন বহুপাক্ষিক সংস্থাগুলোর ওপর আস্থা গুরুতরভাবে চ্যালেঞ্জের মুখে, তখন সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য সাধারণ পরিষদের নির্বাচিত স্পিকারের আহ্বান বিশেষ গুরুত্ব বহন করে।’

আরও পড়ুন

রুশ কর্মকর্তা আরও বলেন, সব সদস্যরাষ্ট্রের সহযোগিতা ও সমান অংশগ্রহণের নীতিতে সাধারণ সভার কাজ সংগঠিত করার যে অভিপ্রায় খলিলুর রহমান ব্যক্ত করেছেন, তাকে রাশিয়া ইতিবাচকভাবে দেখছে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সনদের নীতিগুলো নিঃশর্তভাবে মেনে চলার ওপর ভিত্তি করে বিশ্বমঞ্চে এই সংস্থার কেন্দ্রীয় সমন্বয়কারী ভূমিকা শক্তিশালী করার মনোভাবকে রুশ পক্ষ সমর্থন করে। একই সঙ্গে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের সবচেয়ে দুর্বল দেশগুলোর আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের বর্ধিত মনোযোগকেও স্বাগত জানিয়েছে মস্কো।

জাতিসংঘ সাধারণ পরিষদের হবু সভাপতি হিসেবে খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ ও গঠনমূলক সহযোগিতার জন্য রাশিয়া পুরোপুরি প্রস্তুত বলেও মন্তব্য করেন কিরিল লগভিনভ।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে এক ঐতিহাসিক জয় লাভ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একটি গোপন ব্যালট নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করেন। কাস্টিং হওয়া ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কাকোরিস পান ৯১টি ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোটদান থেকে বিরতও ছিলেন না। 

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন শুরু হলে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন। এর দুই সপ্তাহ পর বিশ্ব নেতারা বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ আলোচনা সভায় অংশ নিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হবেন।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission