স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১২:০৭ পিএম


স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরে এসে এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন। বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছেছেন তিনি।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী চালকের আসনে বসে হিলটপ সার্কিট হাউসের দিকে রওনা হন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহাজাহান চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর এমন ব্যতিক্রমী উপস্থিতি বিমানবন্দর ও আশপাশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন

হিলটপ সার্কিট হাউসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 
 
দুপুর ১টায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

দুপুর দেড়টায় সেখান থেকে রওনা দিয়ে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর পৌনে ৩টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। জোহরের নামাজ আদায়ের পর বিকেল ৩টায় পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
 
বিকেল সাড়ে ৩টায় পেকুয়া থেকে রওনা হয়ে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

জনসভা শেষে বিকেল পৌনে ৫টায় কক্সবাজার শহরের উদ্দেশে রওনা হবেন। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission