দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বলে আলোচনার জন্ম দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকোরিয়ায় এক সমাবেশে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জনগণের ভাগ্যন্নোয়নের সমস্ত কাজই তার ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ অংশ।
প্রধানমন্ত্রী বলেন, এবার একটি জনমুখী বাজেট পেশ করা হয়েছে। সবাই বলছে, এই বাজেট মানুষের উপকারে আসবে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বাজেট নিয়ে সমালোচনা করছে। মানি না, মানবো না— এসব বলছে, বাজেট পেশ করার আগেই রাস্তায় নেমে গেছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে যারা জান্নাতের টিকেট বিক্রির প্রলোভন দেখিয়েছিলো, তারাই এখন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তাদের বিষয়ে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।
সরকারপ্রধান বলেন, বাজেটে নিত্যপণ্যের দামের ক্ষেত্রে ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। বাজেট পেশ করার পরে অতীতের মত বাজারে কোন পণ্যের দাম বাড়েনি। যারা গণমুখী কাজ নিয়ে বিক্ষোভ করে, তারা জনগণের বন্ধু হতে পারে না।
এসময় প্রধানমন্ত্রী চকরিয়া-কক্সবাজার সড়ক চার থেকে ছয় লেন করার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে চাষিরা যেন ন্যায্যমূল্য পান সেজন্য শিগগিরই লবণের দাম নির্ধারণ করে দেয়া হবে বলে জানান।
আরটিভি/ এসকেডি



